গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির ইন্ধনের প্রমাণ সরকারের হাতে আছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ সোমবার বিকেলে সিলেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিমকালে তিনি এ দাবি করেন।

রিজভী বলেন, ‘পরাজিত শক্তি দেশের বাইরে থেকে উস্কানি দিচ্ছে। দেশের ভেতরেও কিছু রাজনৈতিক শক্তি দেশকে অস্থিতিশীল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায়।’

সমাধানযোগ্য বিষয়ে সংসদে কথা না বলে রাজপথ উত্তপ্ত করে বিরোধীদল দেশে অস্থিতিশীলতাকে উস্কে দিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

তিনি বলেন, ‘সরকারের আট মাস হওয়ার আগেই কিসের ভিত্তিতে জামায়াতের আমির আরেকটি বিপ্লবের ডাক অপেক্ষা করছেন। যারা বিপ্লব করতে চায় তারা গুপ্ত। গুপ্ত রাজনীতি করে ক্ষমতায় যাওয়া যায় না। তাদের শুভবুদ্ধির উদয় হোক।’

রুহুল কবির রিজভী বলেন, ‘মধ্যপ্রাচ্য যুদ্ধের কঠিন সময়ে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে বিএনপি। পরিকল্পিতভাবে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। একটি স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর।’

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘দলীয় প্রতীকে নির্বাচন হবে না। তবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূল নেতারা কাজ করছেন।’

সিলেট দরগা এলাকার একটি হলরুমে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, বিএনপির কেন্দ্রিয় সহ-সাংগনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ কেন্দ্রিয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।