ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করে প্রতিষ্ঠানটিকে ‘অমানুষদের কারখানা’ ও ‘সিনিয়র মাদ্রাসা’ বলে আখ্যা দিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।

শুক্রবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে এমন মন্তব্য করেন তিনি।

ফজলুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এটা কি শিক্ষাপ্রতিষ্ঠান? কি ঢাকা বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয় জন্ম দিয়েছে পাকিস্তানের। আজকে যাই হোক সেই দিনের আন্দোলনের কথাই আমি বলছি।

সংসদ সদস্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় শিক্ষা ও মুক্তির আন্দোলন গড়ে তুলেছিল। ১৯২৭, ১৯২৮, ১৯২৯ ও ১৯৩০ এর দশকে আবুল হোসেন, কাজী মোতাহের হোসেনসহ মুসলিম সাহিত্য সমাজের লেখক-বুদ্ধিজীবীদের জন্ম দিয়েছিল এই প্রতিষ্ঠান। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী, নীলিমা ইব্রাহিম, আহমদ শরীফ, হুমায়ুন আজাদ ও হুমায়ূন আহমেদের মতো ব্যক্তিত্বদের স্মৃতিবিজড়িত এই বিদ্যাপীঠের বর্তমান রূপ নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতা বিরোধী অমানুষদের একটা কারখানা। কি দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসারি করা? যে বিশ্ববিদ্যালয়ে গোলাম আজম, নিজামীর ছবি টাঙানো হয়, এরাই নাকি জাতির নেতা। সেই বিশ্ববিদ্যালয় নিয়ে তো চিন্তাই করি না আমি।