ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ৩৭ বছর বয়সী নাসিমের বিরুদ্ধে দিল্লির আইনমন্ত্রী কপিল মিশ্রর কার্যালয়ের কাছাকাছি এলাকায় এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ ছিল। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের নেতৃত্বাধীন ডি-কোম্পানির সঙ্গেও তার সরাসরি যোগাযোগ ছিল বলে দাবি পুলিশের।
পুলিশের ভাষ্য, গত ১৬ নভেম্বর উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস এলাকায় ২৬ বছর বয়সী সামিরকে লক্ষ্য করে প্রায় ২০টি গুলি ছোড়েন নাসিম। গুরুতর আহত সামিরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুস্তাফাবাদের বাসিন্দা সামিরের বিরুদ্ধেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। সম্প্রতি একটি ফৌজদারি মামলার তদন্তের অংশ হিসেবে জেলা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও পরে ছেড়ে দেয়। নাসিম দুররানি ও হারুন সাইফির গোষ্ঠীর মধ্যে পুরোনো বিরোধের জেরেই সামিরকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
অপরাধজগতে ‘রিজওয়ান’ নামেও পরিচিত ছিলেন নাসিম। দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী ছোটা শাকিলের সঙ্গে তার সখ্য ছিল। অভিযোগ রয়েছে, ২০১৬ সালে কারাবন্দি গ্যাংস্টার ছোটা রাজনকে হত্যার দায়িত্ব নাসিমকে দিয়েছিলেন শাকিল। পাকিস্তানি-কানাডীয় সাংবাদিক তারেক ফাতাহকে হুমকি দেওয়ার মামলাতেও একবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি। হত্যা, হত্যাচেষ্টা ও ডাকাতিসহ তার বিরুদ্ধে ২০টির বেশি ফৌজদারি মামলা ছিল।
বুলন্দশহরের বাসিন্দা নাসিমকে গ্রেপ্তারে সহায়তার জন্য ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ। উত্তর-পূর্ব দিল্লিতে অপরাধজগতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছিলেন তিনি। এ নিয়ে পূর্ব ও উত্তর-পূর্ব দিল্লিতে সক্রিয় রাজা মেওয়াতি ওরফে ‘আক্কি ডন’-এর গোষ্ঠীর সঙ্গে তার বিরোধ চরমে পৌঁছায়।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য, জুয়া, মাদক ব্যবসা ও চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই অপরাধী গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় গত ২৬ মে হারুন সাইফির মামা রাজা মেওয়াতিকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় নাসিমকে প্রধান হামলাকারী হিসেবে শনাক্ত করেছিল পুলিশ।
এর প্রায় তিন সপ্তাহ পর, ১৫ জুন নাসিমের ঘনিষ্ঠ সহযোগী ও কথিত অর্থদাতা রাশিদ ওরফে ‘পানিওয়ালা’ খুন হন। ওই হত্যাকাণ্ডের ঘটনায় হারুন সাইফি ও তার গোষ্ঠীর কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।