পালিয়ে যাওয়ার পরও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি, বরং আরও বেড়েছে। এখনো তারা গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার নড়াইলের কালিয়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় নিহত বিএনপির দুই নেতা সোহেল রানা ও শাহিনুর ইসলামের কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানানোর পর সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি লড়াই করেছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে। এই দেশে আর কারও মায়ের বুক যেন খালি না হয়, আর কোনো স্ত্রী যেন স্বামীহারা না হয়, কোনো বোন যেন ভাই হারা না হয়, এই দিক লক্ষ্য রেখেই কাজ করছেন তারেক রহমান।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ভারতে পালিয়ে থেকেও অনুচরদের দিয়ে দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। এর নির্মম শিকার হয়েছেন কালিয়ার সোহেল রানা ও শাহিনুর ইসলাম। এসব হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার হবেই।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের দায়িত্বপ্রাপ্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম, নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলা সদরে বিএনপি, ছাত্রদল ও যুবদলের মিছিলে আওয়ামী লীগের হামলায় কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল রানা নিহত হন। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে।