আদালতের রায়কে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের সামরিক সরকার। দেশটির দাবি, তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ আনা হয়েছে এবং আদালতের সিদ্ধান্ত সর্বসম্মত নয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) রাজধানী নেপিদোতে এক সংবাদ সম্মেলনে মিয়ানমার সরকারের মুখপাত্র খাইং খাইং সোয়ে আদালতের রায়ের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের দেশকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। আমি বলতে চাই, এই সিদ্ধান্ত সর্বসম্মত নয় এবং এটি ন্যায়সংগতও নয়।

গাম্বিয়ার দায়ের করা মামলার প্রায় সাত বছর পর এ রায় দিল আইসিজে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করল আদালত। নাৎসি হলোকাস্টের পর কোনো আন্তর্জাতিক আদালতে গণহত্যার আইনি মানদণ্ড পূরণের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে এটি চতুর্থ ঘটনা।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, মিয়ানমারের সামরিক বাহিনী তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশন বা নির্মূল অভিযানের নামে রোহিঙ্গা পুরুষ ও কিশোরদের ব্যাপকভাবে হত্যা করেছে। এ ছাড়া রোহিঙ্গা নারীদের ধর্ষণ ও যৌন সহিংসতার শিকার হতে হয়েছে। শত শত গ্রাম পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

রায়ে মিয়ানমারকে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ক্ষতিপূরণের পরিমাণ পরে নির্ধারণ করা হবে। পাশাপাশি মিয়ানমারের সহিংসতায় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশের শরণার্থীশিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা এ রায়কে স্বাগত জানিয়েছে। তবে কবে নাগাদ তারা নিজেদের বাড়িঘরে ফিরতে পারবে, তা এখনো অনিশ্চিত। আইসিজে বিভিন্ন দেশের মধ্যকার বিরোধ নিষ্পত্তি এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে রায় দিয়ে থাকে। আদালতের রায় চূড়ান্ত হলেও তা কার্যকর করার নিজস্ব ক্ষমতা সীমিত।

আদালতের ১৯১ পৃষ্ঠার রায়ে ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর মিয়ানমারের ইন দিন গ্রামে ১০ রোহিঙ্গা মুসলিমকে হত্যার ঘটনা নিয়ে রয়টার্সের একটি অনুসন্ধানী প্রতিবেদনের উল্লেখ করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশের পর রয়টার্সের দুই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। তাঁদের ৫০০ দিনের বেশি সময় কারাবন্দি রাখা হয়েছিল।