টাঙ্গাইলের ঘাটাইলে অজ্ঞাত এক মৃত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের টেপি কুশারিয়া এলাকার এক পরিত্যক্ত ডোবা থেকে লাশের কঙ্কালটি উদ্ধার করে পুলিশ। ঘাটাইল থানার এস.আই নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহ ডোবায় ফেলে রাখা হয়েছিলো। সোমবার সন্ধ্যায় স্থানীয় এক যুবক কঙ্কালটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। মরদেহটি পচে গিয়ে কেবল কঙ্কাল অবশিষ্ট থাকায় এটি পুরুষ বা নারী তা তাৎক্ষণিক ভাবে সনাক্ত করা যায়নি। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই কঙ্কালটির পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ ও পরিচয় নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।