কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের রাজধানীর মিরপুরের বাসায় হামলা ও ভাঙচুরের পর আগুন দিয়েছেন বিক্ষুব্ধ ব্যক্তিরা। এ সময় বাসার ভেতরে থাকা আসবাবপত্র ও বিভিন্ন সামগ্রী ভাঙচুর করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে মিরপুর ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ের একটি ছয়তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল নিখিলের বাসায় যান। প্রথমে বাসার নিচে থাকা তার কার্যালয়ের কাচ ভাঙচুর করেন তারা। পরে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ও ক্রেস্ট ভাঙচুরের পর সেগুলোতে আগুন ধরিয়ে দেন।
২০২৪ সালের ৫ আগস্টের আগে এই বাসায় থাকতেন মাইনুল হোসেন নিখিল। ওইদিন গণঅভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
ঘটনার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, তিনি ঘটনা শুনেছেন। তবে মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে বিস্তারিত খোঁজ নিতে পারেননি।