এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে আজ রোববার থেকে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

গত ৩০ অক্টোবর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত ফল পুনর্নিরীক্ষণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

এ জন্য সরাসরি https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

সেখানে নির্ধারিত ঘরে পরীক্ষার্থীর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর লিখে ড্রপডাউন তালিকা থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। এরপর ‘সাবমিট’ বাটনে ক্লিক করলে পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ পাওয়া যাবে।

আবেদনের পরবর্তী পর্যায়ে শিক্ষার্থীর সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে খুদে বার্তার মাধ্যমে ফল জানানো হবে। এরপর শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল প্রদর্শিত হবে। যে বিষয় বা বিষয়গুলোর ফল পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।

ফল পুনর্নিরীক্ষণের জন্য প্রতিটি পত্রে ১৫০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। কোনো বিষয়ের দুটি পত্র থাকলে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে। বিষয় নির্বাচন করার পর পরবর্তী ধাপে মোট কত টাকা ফি দিতে হবে, তা দেখা যাবে।

নির্ধারিত ফি পরিশোধের জন্য বিকাশ, নগদ, ডাচ্‌-বাংলা ব্যাংকের রকেট, উপায় ও সোনালী সেবা ব্যবহার করা যাবে। ফি জমা দেওয়ার বিস্তারিত পদ্ধতি জানতে আবেদন পোর্টালে থাকা ‘পে’ বাটনে ক্লিক করতে হবে। সেখানে অর্থ পরিশোধের প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া যাবে।

ফি পরিশোধ সম্পন্ন হলে আবার আবেদন পোর্টালে প্রবেশ করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। এ ধাপ সম্পন্ন করার পর আবেদন জমা হবে। কোনো শিক্ষার্থী প্রথমবার আবেদন জমা দেওয়ার পর নতুন করে আরও কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে পারবেন। তবে নতুন করে বিষয় যুক্ত করার ক্ষেত্রে পুনরায় মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে আবেদন সংশোধন ও বিষয় পরিবর্তনের বিষয়ে কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয় পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন হলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে আগে নির্বাচন করা বিষয়গুলো বাদ দেওয়া যাবে। যেসব বিষয়ের জন্য এখনো ফি জমা দেওয়া হয়নি, সেগুলো বাদ দিয়ে নতুন বিষয় নির্বাচন করার সুযোগ থাকবে।

তবে একবার ফি পরিশোধ করে আবেদন জমা দেওয়ার পর নির্বাচিত বিষয়গুলো আর বাতিল করা যাবে না। এ ক্ষেত্রে কোনো অবস্থাতেই পরিশোধ করা ফি ফেরত দেওয়া হবে না। তাই আবেদন করার সময় কোন কোন বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চান, তা সতর্কতার সঙ্গে নির্বাচন করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ফল পুনর্নিরীক্ষণের জন্য সরাসরি বা ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না। ফলে আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করে ৭ নভেম্বরের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। একই সঙ্গে নির্ধারিত ফি পরিশোধ করে আবেদন জমা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে।