অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে চার্জশুনানি পেছানো হয়েছে।

রোববার (১ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন শুনানির জন্য আগামী ২৩ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন।

দুদকের আইনজীবী তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিপক্ষের আইনজীবী ডেঙ্গু ও কিডনি রোগে আক্রান্ত হওয়ায় আদালতে উপস্থিত হতে পারেননি। এ কারণে আসামিপক্ষ সময়ের আবেদন করে। আদালত আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেন।

দুদকের এই আইনজীবী আরও জানান, এর আগে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ বিচারাধীন ছিল। পরে মহানগর দায়রা জজ আদালত মামলাটি বিশেষ জজ আদালত-৫-এ স্থানান্তর করেন।

মামলার অন্য আসামিরা হলেন- আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি ও মেয়ে শাফিয়া তাসনিম খান।

অভিযোগ গঠন শুনানির দিন ধার্য থাকায় কারাগারে আটক ছেলে জ্যোতিকে আদালতে হাজির করা হয়।

২০২৪ সালের ৯ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা করে দুদক। তদন্ত শেষে গত বছরের ১৮ ডিসেম্বর কামালসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি।

অভিযোগপত্রে বলা হয়, সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ১৬২ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন করেন আসাদুজ্জামান খান কামাল।

এছাড়া ৯টি ব্যাংক হিসাবে ৮৭ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকা লেনদেনের মাধ্যমে দুর্নীতি ও ঘুষের মতো অপরাধলব্ধ অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে রূপান্তর, স্থানান্তর বা হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।