‘দুই মণ শিউলি ফুল দরকার’, জন্মদিনের ঠিক আগে চিত্রনায়িকা পরীমনির এই ব্যতিক্রমী স্ট্যাটাসটি নেটদুনিয়ায় বেশ শোরগোল ফেলে দিয়েছিল। এর পেছনের আসল কারণ ছিল তার জন্মদিন।

পরীমনির জন্মদিন মানেই এক আলাদা উন্মাদনা ও চমক। গত ২৪ অক্টোবর ঘটা করে নিজের জন্মদিনের বিশেষ সন্ধ্যাটি উদযাপন করেছেন এই তারকা। কাছের বন্ধু, সহকর্মী ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে জমকালো আয়োজনে সেজে উঠেছিল তার বিশেষ দিনটি। আর এই জন্মদিনের মূল আকর্ষণ ছিল শিউলি ফুল।

প্রতিবারের মতো এবার নিজের জন্মদিনটি একটু ভিন্নভাবে সাজাতে চেয়েছিলেন পরীমনি। তার মাথায় আসে হেমন্তের চিরচেনা ফুল ‘শিউলি’র থিম। পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠানের ভেন্যুর সিঁড়িতে বিছিয়ে রাখা হয়েছিল অজস্র শিউলি ফুল। এমনকি অভিনেত্রী নিজেও পরেছিলেন শিউলি ফুলের নকশা করা একটি সুন্দর শাড়ি।

তবে এত শিউলি ফুল জোগাড় করা যে সহজ ছিল না, সে কথাও অকপটে জানান নায়িকা। পরীমনি বলেছেন, আমি ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম, কেউ যেন আমাকে অনেকগুলো শিউলি ফুল এনে দেয়। কিন্তু এত শিউলি ফুল পাওয়া বা চার-পাঁচ ঘণ্টার বেশি তাজা রাখা অসম্ভব। তবুও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত দেখিয়ে চট্টগ্রাম থেকে এক ভক্ত ফ্লাইটে করে আমার জন্য শিউলি ফুল পাঠিয়েছিলেন।

যদিও সব ফুল ব্যবহার করা সম্ভব হয়নি, তবুও ভেন্যুর প্রবেশদ্বার শিউলি ফুলে সাজানোর ইচ্ছা কিছুটা হলেও পূরণ করতে পেরেছেন বলে জানান তিনি।

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের নিঃশর্ত ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, শুরু থেকেই সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, পাশে থেকেছেন এবং আশীর্বাদ করেছেন, সবকিছুর বিনিময়ে আমি সুন্দর সুন্দর কাজ ছাড়া আর কিছুই দিতে পারব না। আপনারা সবাই দোয়া করবেন যেন আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারি।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমনির। এরপর ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’ ও ‘গুণিন’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন এই অভিনেত্রী।