দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন হারুনুর রশীদ। অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে গেলেন দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত এই সংগঠক। অবস্থার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত লাইফ সাপোর্ট খুলে নিতে বাধ্য হন চিকিৎসকেরা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার বাদ জোহর ধানমন্ডি আবাহনী ক্লাব প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ জন্মস্থান লক্ষ্মীপুরে নিয়ে যাওয়া হবে। সেখানেই পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা। আজকের আকাশি-নীল আবাহনী লিমিটেডের যে বিশাল ব্যাপ্তি, তার পেছনে যাঁদের শ্রম ও স্বপ্ন মিশে আছে, হারুনুর রশীদ তাঁদের অন্যতম। সবার কাছে তিনি পরিচিত ছিলেন ‘হারুন ভাই’ নামে।
নতুন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আধুনিক ফুটবল, ক্রিকেট ও হকির যে যাত্রা শুরু হয়েছিল, তার অন্যতম চালিকা শক্তি ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। আবাহনীর ঐতিহ্যবাহী লোগোটিও তাঁর নিজের হাতে তৈরি। জাতিসংঘের পতাকার রঙের অনুপ্রেরণায় দুই পাশে লতা-পাতার বেষ্টনী দিয়ে লোগোটি নকশা করেছিলেন তিনি। একাধিক সাক্ষাৎকারে নিজেই এ কথা জানিয়েছেন।
আন্তর্জাতিক ফুটবল প্রশাসনেও ছিল তাঁর পদচারণ। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি। ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার ও এএফসির মর্যাদাপূর্ণ গোল্ডেন অ্যাওয়ার্ড। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) তাঁকে সেরা সংগঠকের সম্মাননাও দিয়েছে। ২০২৩ সালে পেয়েছেন প্রথম কায়সার সিনহা সংগঠক পুরস্কার।
ক্রীড়া সংগঠক পরিচয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন হারুনুর রশীদ। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জয়ী হয়েছিলেন। পরে তিনি আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন হারুনুর রশীদ। সেই নির্বাচনে ব্যারিস্টার মওদুদ আহমদকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে আবাহনী লিমিটেড, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনসহ দেশের বিভিন্ন ক্রীড়া সংগঠন।