ঢাকাই চলচ্চিত্র ও মডেলিং অঙ্গনের পরিচিত মুখ মেঘলা মুক্তা বর্তমানে পারিবারিক সংকটের মধ্য দিয়ে সময় পার করছেন। ভীষণ অসুস্থ বাবাকে খুঁজে না পেয়ে সামাজিক মাধ্যমে জনসাধারণের কাছে সহযোগিতা কামনা করেছেন এই অভিনেত্রী।
অভিনেত্রীর ফেসবুক পোস্ট থেকে জানা যায়, তার বাবা সোমবার (৯ নভেম্বর) উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন। রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে পরিবারের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।  দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাসায় না ফেরায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারটির।
বাবার অসুস্থতার কথা জানিয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়ে অভিনেত্রী আরও জানান, নিখোঁজ বাবাকে খুঁজতে উত্তরাসহ আশপাশের বিভিন্ন হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং স্থানীয় বিভিন্ন থানা এলাকায় রাতভর সন্ধান চালানো হয়েছে। কিন্তু কোথাও তার বাবার কোনো খোঁজ মেলেনি। ইতোমধ্যে এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 
শোবিজ অঙ্গনের এই তারকার পরিবার চরম দুশ্চিন্তায় কাটাচ্ছেন। মেঘলা মুক্তা তার ফেসবুক পোস্টে দেশবাসী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়ে লিখেছেন, কেউ যদি তার বাবাকে কোথাও দেখে থাকেন কিংবা কোনো ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন, তবে যেন দ্রুত যোগাযোগ করেন।  নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে কিংবা কোনো তথ্য জানা থাকলে অবিলম্বে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী।