প্রি-পেইড বিদ্যুৎ মিটারের সিস্টেম আপগ্রেডেশনের কারণে টানা ২৪ ঘণ্টা রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ অথবা বিঘ্নিত হতে পারে। এ সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গ্রাহকদের নির্ধারিত সময়ের আগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রিচার্জ করে রাখার পরামর্শ দিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)।

আজ বুধবার (৪ নভেম্বর) সকালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয় বিদ্যুৎ বিতরণ সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশনের কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত রিচার্জ কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

তবে রিচার্জ সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা সব প্রি-পেইড মিটার ব্যবহারকারীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। ডেসকোর বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, যেসব গ্রাহকের প্রি-পেইড মিটারের নম্বর ০৩ দিয়ে শুরু হয়েছে, কেবল তারাই এ সমস্যার মুখে পড়তে পারেন।