বেকারত্ব তৈরির কারখানায় পরিণত করা যাবে না  শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে। শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (২২ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষার্থীদের ইন্টার্নশিপের জন্য শিল্পপ্রতিষ্ঠানে পাঠানোর আগে শিক্ষকদেরই সেখানে গিয়ে গবেষণা করা উচিত। সেই গবেষণার ভিত্তিতে কারিকুলাম ও সিলেবাস সাজাতে হবে। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হলে তারা কী সুবিধা পাবে, সেটিও নিশ্চিত করতে হবে। 

বাজেট ও বরাদ্দ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বা গবেষণার বাজেটে কোনো অভাব নেই, বরং বরাদ্দ করা অর্থ যথাযথভাবে খরচ করতে না পারাই বড় সমস্যা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে অর্থ ব্যয়ের তাগিদ দিয়ে তিনি বলেন, শ্রমবাজারের চাহিদা বিবেচনা না করে অপ্রয়োজনীয় নতুন বিভাগ খোলা উচিত নয়। 

সেশনজট ও প্রশাসনিক দীর্ঘসূত্রতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং সেশনজটের কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এই দীর্ঘসূত্রতা মেনে নেওয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে আদালতের স্থগিতাদেশের প্রসঙ্গ টেনে সমস্যার সমাধানে নিজেদের মধ্যে সমন্বয় থাকার কথা বলেন তিনি।

এছাড়া সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

এ সময় দেশের শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের নেতৃস্থানীয় প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি।