প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঐক্যের যে আহ্বান জনিয়েছেন, সেটিকে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই লক্ষ্যে সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে আগামীকাল সোমবার দুপুরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল।

অনুষ্ঠিত হতে যাওয়া এই সাক্ষাতে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে।

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হতে যাচ্ছে। 

যুক্তরাজ্য সফরে থাকা নাহিদ ইসলাম আজ রোববার দেশে ফিরবেন। নাহিদ ইসলাম দেশে ফেরার পর প্রতিনিধিদলের অন্য সদস্যদের নাম তাঁর সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। এনসিপি সূত্রে এ তথ্য জানা গেছে।

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের অন্যতম সদস্য ও দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার গতকাল শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেছেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে।

প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে এনসিপি ইতিবাচক হিসেবে নিয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়। বার্তায় আরও বলা হয়, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে বলে মনে করে এনসিপি।