২০২৭ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।  এ ছাড়া আগামী ১৫ ডিসেম্বর বেলা ১১টায় অনলাইনে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় ঢাকা মহানগরীসহ সারা দেশের বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়েছে।
মাউশি জানিয়েছে, প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন অনলাইনে অনুষ্ঠিত হবে। ভর্তি কার্যক্রম ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটির সার্বক্ষণিক পরামর্শ ও তত্ত্বাবধানে পরিচালনা করতে হবে। একই সঙ্গে পুরো ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুধু অনলাইনে http://gsa.teletalk.com.bd ঠিকানায় গ্রহণ করা হবে। আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ফি শুধু টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে এসএমএস করে পরিশোধ করতে হবে।