চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমুসহ ছয় নেতাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে হাজির করতে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন এবং মামলার পরবর্তী শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। শুনানিতে তিনি জানান, এ মামলায় ছয় আসামির হাজিরার জন্য আজকের দিন ধার্য ছিল। অন্যদিকে মির্জা আজমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় গিয়েও তার সন্ধান পাননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ কারণে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) দাখিল করা হয়েছে। তাই তাকে হাজির করতে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রসিকিউটর। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য সময় চান তিনি।
শুনানি শেষে ছয় আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি মির্জা আজমকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয় এবং মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৭ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত।
আমির হোসেন আমুসহ এ মামলার অপর আসামিরা হলেন—সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।
এদিন সকালে গ্রেফতার পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে অসুস্থতার কারণে ফারুক খানকে আদালতে আনা হয়নি।
এর আগে গত ২ নভেম্বর আওয়ামী লীগের এই সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ৫ নভেম্বর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে ছয় জনকে হাজিরের নির্দেশ ও মির্জা আজমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।