ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত হয়েছিলেন, কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের এমন প্রবাসী ভোটারদের আসন্ন উপনির্বাচনে ভোটদানে সম্মতির নোটিফিকেশন দেওয়া হবে। ২৬ নভেম্বরের সম্মতি প্রাপ্তির পর প্রবাসের ঠিকানায় ব্যালট পাঠানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসির পরিচালক (গণসংযোগ) মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানিয়েছেন।
ইসি জানায়, প্রবাসে বসবাসরত কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপ-নির্বাচনে প্রবাসী ভোটাররা যারা ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেননি, তারা নতুনভাবে অ্যাপে ২৬ নভেম্বরের মধ্যে নিবন্ধন করে পোস্টাল ভোটিংয়ে অংশ নিতে পারবেন।
আগামী ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, ওইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট বাক্সের মাধ্যমে ভোটগ্রহণ হবে। এ আসনে উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাছাই করবেন ৭ ডিসেম্বর।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সময়সীমা ৮ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।