চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের ঘটনায় মুখ খুলেছেন ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা খান। তার মতে, পরীমনির এমন আচরণ শুধু একজন শিল্পীর ভাবমূর্তি ক্ষুণ্ন করে না, বরং পুরো শিল্পী সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধরের মামলায় গত বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন পরীমনি। সেখানে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুলে তাকে গালমন্দ ও হুমকি দেন এই চিত্রনায়িকা।

এ ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হলে এবার নিজের অবস্থান জানিয়েছেন রিনা খান।

তিনি বলেন, রাগের বশবর্তী হয়ে অনেকে হয়তো গালাগালি করে, এটা আসলে উচিত না। মিডিয়ার মাধ্যমেই আমরা কিন্তু পরিচিত হই। আমাদের সুনামটাও আসে মিডিয়ার মাধ্যমে, আমাদের দুর্নামটাও আসে মিডিয়ার মাধ্যমে। তাই আমরা এমন কোনো কথা বলব না, এমন কোনো ব্যবহার করব না, যেটা শিল্পীদের ওপর বর্তায়।

পরীমনির আচরণকে পুরো শিল্পী সমাজের জন্য কলঙ্ক উল্লেখ করে রিনা খান আরও বলেন, আমি কেন হাজার হাজার মানুষের সামনে খারাপ কথা বলব? এটা তো একজন শিল্পীর না, পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক। এটা ঠিক হয়নি, আমি দেখেছি নিউজটা। তবে এভাবে গালাগালি করা উচিত না। আমি অলওভার শিল্পীদের কথাই বলছি, আপনার কোনো ক্ষোভ থাকলে আপনি তাকে আলাদা ডেকে নিয়ে বলতে পারেন।