জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হান্নান মাসউদ বলেছেন, তরুণদেরকে আই হেট পলিটিক্স থেকে আই লাভ পলিটিক্সে আসতে হবে।

গতকাল শনিবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক কার্যক্রমের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তি, নোবিপ্রবি শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। তরুণ প্রজন্মকে রাজনীতিসচেতন হওয়ার আহ্বান জানিয়ে হান্নান মাসুদ বলেন, ‘আমরা রাজনীতি পছন্দ করি না বললেই রাজনীতি থেকে দূরে থাকা যায় না। একটি শহরের বাতাস দূষিত হবে, নাকি বিশুদ্ধ থাকবে, চালের দাম ৩০ টাকা হবে, নাকি ৬০ টাকা হবে- এসব সিদ্ধান্তও রাজনীতিবিদরা নেন।’

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে হান্নান মাসুদ বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথম ছয় মাস থেকে এক বছর শিক্ষার্থীদের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় জীবন মানেই শুধু আনন্দ-উল্লাস নয়, পড়াশোনায়ও মনোযোগী হতে হবে। শিক্ষার্থীদের যেকোনো সুবিধা-অসুবিধায় জাতীয় নাগরিক পার্টি, জাতীয় ছাত্রশক্তি এবং তিনি নিজে পাশে থাকবেন বলে জানান।

নোয়াখালীর মানুষের আতিথেয়তার স্মৃতিচারণা করে তিনি বলেন, আগে নোবিপ্রবি নিজস্ব ব্যবস্থায় ভর্তি পরীক্ষা নেওয়ার সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা নোয়াখালীতে আসতেন। তখন স্থানীয় বাসিন্দারা তাদের নিজেদের বাড়িতে থাকার ও আপ্যায়নের ব্যবস্থা করতেন। কোনো শিক্ষার্থীকে হোটেলে থাকতে হতো না। গুচ্ছ ভর্তি পরীক্ষার কারণে সেই সুযোগ থেকে স্থানীয় মানুষ ও শিক্ষার্থীরা অনেকটা বঞ্চিত হয়েছেন।

রাজনীতি থেকে ভালো মানুষদের দূরে সরে যাওয়ার প্রবণতা নিয়ে তিনি বলেন, আমাদের একটি প্রজন্মকে শেখানো হয়েছে- রাজনীতি পছন্দ করি না, রাজনীতি থেকে দূরে থাকি। কিন্তু মনে রাখতে হবে, রাজনীতি থেকে ভালো মানুষদের দূরে সরিয়ে রাখার সুযোগে অসৎ ও অপরাধী মানুষেরা রাজনীতিতে জায়গা করে নেয়। তবে আমি বলছি না, সবাইকে কোনো রাজনৈতিক দল করতে হবে। ছাত্রশক্তি, ছাত্রশিবির, ছাত্রদল কিংবা অন্য কোনো সংগঠনে যোগ দিতে হবে। আমি বলছি, রাজনৈতিক সচেতন হতে হবে। কোনো দল না করেও রাজনীতি সচেতন হওয়া যায়।