ম্যাচের তৃতীয় দিন তাওহীদ হৃদয়ের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ। কিন্তু চতুর্থ দিনে সেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে নাজমুল হোসেন শান্তর দল। রোববার দ্বিতীয় সেশনে পুরোপুরি আধিপত্য দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে জাস্টিন গ্রিভস ও কেভিন উইকহ্যামের দাপটে ম্যাচে ক্রমেই শক্ত অবস্থান তৈরি করছে সফরকারীরা।
চা বিরতির আগে ২৮ ওভার ব্যাট করে ১৩১ রান যোগ করেছে ক্যারিবীয়রা। গ্রিভস ও উইকহ্যামের জুটিতে ইতোমধ্যে জমা হয়েছে ১৪০ রান। তাতে ওয়েস্ট ইন্ডিজের লিড বেড়ে দাঁড়িয়েছে ২২৯ রানে। হাতে রয়েছে আরও ৮ উইকেট।
ম্যাচ জিততে হলে এবার নিজেদের ইতিহাসেরই বাধা পেরোতে হবে বাংলাদেশকে। টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির ২১৫ রানের। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই এই লক্ষ্য পেরিয়ে জয় পেয়েছিল টাইগাররা।
এরপর আর কোনো টেস্টে ২০০ বা তার বেশি রান তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ। সিলেটেও পরিস্থিতি কঠিন হয়ে উঠছে। ওয়েস্ট ইন্ডিজের লিড ২২০ ছাড়িয়ে যাওয়ায় চতুর্থ ইনিংসে জিততে হলে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ছাড়িয়ে যেতে হবে স্বাগতিকদের।