সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে জাতীয় সংসদে কয়েক দফায় হইচই–হট্টগোল হয়েছে। আজ বুধবার প্রশ্নোত্তর পর্বে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে কথা বলেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। কৃষিমন্ত্রী আমিন উর রশীদ এই প্রশ্নের জবাব দিতে গেলে হইচই করে তাঁর বক্তব্যের প্রতিবাদ জানান বিরোধী দলের সদস্যরা।
সংসদ সদস্যদের থামাতে গিয়ে একপর্যায়ে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, এইভাবে হইচই করে নিজেদেরকে পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন?
সংসদে প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ কয়েকটি সংবাদের শিরোনাম পড়ে শোনান। তিনি বলেন, সারের ডিলার হয়েছেন এমপির ছেলে ভগ্নিপতি ও ভাগনের স্ত্রী। ঠাকুরগাঁয়ে ৩১ সারের ডিলারের ২৮ জন বিএনপি। তার মধ্যে ১০ জন হচ্ছে নেতার স্ত্রী, নেতার সন্তান, নেতার ভাগনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, দেশব্যাপী সারের ডিলারের মহোৎসব হয়েছে, যেখানে সংরক্ষিত আসনের সদস্যরা কোনো কোনো জায়গায় অর্থের বিনিময়ে ডিও দিয়েছেন। বিএনপি সরকার যখন ২০০৯ সালে বিরোধী দলে ছিল, তখন সংরক্ষিত আসনের এমপিদেরকে বিরোধী দলের আসনের দায়িত্ব দেওয়াকে তখনকার বিএনপির মহাসচিব বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসাংবিধানিক বলেছিলেন। এখন বিএনপি সেটাই করছে, একটা অসাংবিধানিক কাজ।
হাসনাত আবদুল্লাহ কৃষিমন্ত্রীর কাছে জানতে চান, সারের ডিলারশিপে যে নজিরবিহীন দুর্নীতি হয়েছে, সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান ও আত্মীয়রা ডিলারশিপ পেয়েছেন, আওয়ামী লীগের যারা আগের ব্যবসা করেছিল, তাদের সুযোগ করে দেওয়া হয়েছে, এটা কি সুপরিকল্পিত ছিল কি না। এই ডিলারশিপগুলাকে আবার পর্যালোচনা করা হবে কি না।
হাসনাত বলেন, আমাদের দেশের এই কালচার কবে যাবে যে আমি নিজে এমপি হব, আমার ছেলে ব্যবসায়ী হবে, আমার স্ত্রী ব্যবসায়ী হবে। আমার ভাগনে ব্যবসায়ী হবে। এই কালচারটা কবে বন্ধ হবে, সেটা সুনির্দিষ্টভাবে মাননীয় মন্ত্রী আপনার কাছে জানতে চাই।
জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ বলেন, উনি (হাসনাত) বলেছেন, সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে। আমরা তো চাই, এটা উৎসব হোক। উৎসবের মতো করে মানুষ নিক। উৎসবকে আমি ভালো অর্থে বুঝি, উৎসব খারাপ অর্থে যদি চিন্তা করেন ভিন্ন। এই বক্তব্যে বিরোধী দলের সদস্যরা হইচই করে আপত্তি জানান। এর মধ্যে কৃষিমন্ত্রী বলেন, তিনি নতুন মন্ত্রী। সাইড টক করলে অসুবিধা হয়। তিনি চান, কেউ যেন সাইড টক না করেন। কৃষিমন্ত্রী বলেন, তাঁর জবাব পছন্দ না হলে বিরোধী দলের সদস্য আরেকটা প্রশ্ন করতে পারেন। তিনি জবাব দেবেন।
সারের ডিলার নিয়োগের প্রক্রিয়া ব্যাখ্যা করে কৃষিমন্ত্রী বলেন, সারের ডিলার নিয়োগের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে দুটি কমিটি করা হয়েছে। সেখানে আবেদন আহ্বান করা হয়েছে, কিছু নিয়মনীতির ভিত্তিতে। কৃষিমন্ত্রীর বক্তব্যের এ পর্যায়ে বিরোধী দলের সদস্যরা আবার হইচই শুরু করেন। তখন ডেপুটি স্পিকার কায়সার কামাল পরিস্থিতি নিয়ন্ত্রণে বিরোধী দলের চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করেন। সরকারি দলের সদস্যদের অনেককে বিরোধী দলের সদস্যদের বসার আহ্বান জানাতে দেখা যায়।
তখন কৃষিমন্ত্রী বলেন, তাঁর বক্তব্য শেষ হলে বিরোধী দলের যে সন্দেহ সেটা দূর হবে। তিনি বলেন, উপজেলা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন যাবে। জেলায় যে কমিটি আছে, সেখানে উপদেষ্টা হিসেবে এলাকার সংসদ সদস্য থাকার সুযোগ আছে। এ পর্যায়ে বিরোধী দলের সদস্যরা আবারও হইচই শুরু করেন। বিরোধী দলের সদস্যদের হট্টগোলের মধ্যেই ডেপুটি স্পিকার বলেন, আমরা বারবার বলছি, মাননীয় সদস্য প্রশ্ন করেছেন, মাননীয় মন্ত্রী উত্তর দিচ্ছেন। উনার উত্তরে সন্তুষ্ট না হলে আমরা আরও একটা প্রশ্ন নেব। কিন্তু এভাবে হইচই করে নিজেদেরকে পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন? প্লিজ, ধৈর্যের সাথে বসেন।
এরপর বিরোধী দলের সদস্যদের হইচইয়ের মধ্যেই বক্তব্য চালিয়ে যান কৃষিমন্ত্রী। তিনি বলেন, যাচাই–বাছাই করে ডিসি অফিস থেকে পাঠানোর পর মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে। এটা একজনের স্বাক্ষরে আসেনি। তবে বিরোধী দলের সদস্যরা হট্টগোল অব্যাহত রাখেন। কেউ কেউ দাঁড়িয়ে ফ্লোর চান।
এ পর্যায়ে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, বিরোধী দলের সদস্য বলেছেন, অর্থের বিনিময়ে এমপিরা এটা করেছেন। এ তথ্য সঠিক নয়। এ রকম যদি প্রমাণ থাকে, তিনি মন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন, লিখিত দিতে পারেন। আর না থাকলে অসত্য বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান তিনি। এরপরও বিরোধী দলের সদস্যদের কেউ কেউ দাঁড়িয়ে ফ্লোর চান। তবে স্পিকার কাউকে ফ্লোর না দিয়ে পরবর্তী প্রশ্নে চলে যান।