কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের সতর্ক, ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার (২৫ ও ২৬ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে খুলনা ও ফরিদপুর বিভাগের নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, সম্ভাব্য নাশকতা মোকাবিলার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার মধ্যে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক নিয়ন্ত্রণ ও দলীয় শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে ডিসেম্বরকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে সক্রিয় রাখার ওপর জোর দিচ্ছে দলের হাইকমান্ড।

বৈঠকে খুলনা ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। স্থানীয় পর্যায়ে দলের শক্তি, নেতাকর্মীদের সক্রিয়তা, অভ্যন্তরীণ বিরোধ এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় নেতারা। পাশাপাশি সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার নির্দেশনা দেওয়া হয়।

সভায় দুই বিভাগের জেলা সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক-সদস্য সচিব, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী এবং নির্বাচিত সংসদ সদস্যরা অংশ নেন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি বিশেষ করে গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে নেতাকর্মীদের আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে কেন্দ্রীয় নেতারা বলেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপি আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। তবে আওয়ামী লীগ এখনো রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে তাঁদের বক্তব্যে উঠে আসে। এ পরিস্থিতিতে অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা বিবেচনায় রেখে তৃণমূল পর্যায়ে সর্বদা সতর্ক ও সাংগঠনিকভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি কোনো পক্ষ যাতে রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।