দেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার ঐক্যের আহ্বান জানিয়েছে। ফ্যাসিবাদবিরোধী লড়াই এবং গণঅভ্যুত্থানে থাকা দলগুলো নিয়ে দীর্ঘমেয়াদি রোডম্যাপ জরুরি। আধিপত্যবাদ প্রশ্নে জাতীয় পররাষ্ট্রনীতি তৈরি করা প্রয়োজন। এটি দলীয় কোনো লড়াই নয়। দলীয় লড়াইয়ের চেয়েও জনগণের ঐক্য প্রয়োজন।

তিনি আরও বলেন, সংবিধান সংশোধনে সংসদীয় কমিটি বাতিলের দাবি জানানো হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের শপথের আহ্বান জানানো হয়েছে। এনসিপির দাবি সরকার বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানান নাহিদ।

ভারতের ভূখণ্ড ব্যবহার করে আওয়ামী লীগ সন্ত্রাস করছে উল্লেখ করে নাহিদ বলেন, ভারত তার ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে দিচ্ছে। আওয়ামী লীগ বনাম বিএনপি-এনসিপি নয়। ভূখণ্ডের বিষয়। এখন ভারতীয় আধিপত্যের সঙ্গে লড়াই। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

বর্ডারে বিজেপি সমাবেশ করছে জানিয়ে তিনি বলেন, সেখানে আওয়ামী লীগ নেতারাও যুক্ত হয়েছে। বাংলাদেশে যা কিছু হচ্ছে এর সঙ্গে ভারত জড়িত।

বৈঠকে গঙ্গা চুক্তিতে ভারতের সঙ্গে ন্যায্য হিস্যা আদায়ে সরকার যাতে আপস না করে সে আহ্বান জানানো হয়েছে। এছাড়া পলাতক শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানান নাহিদ। 

এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ফ্যাসিবাদের আস্ফালন, বিচার কার্যক্রম, গঙ্গা চুক্তিসহ নানা বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলাম ছাড়াও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন।