চট্টগ্রামের ফটিকছড়িতে আধিপত্য ও বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছেন। সংঘর্ষের পর এক পক্ষের লোকজন ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে প্রায় দুই ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।

শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার হেঁয়াকো বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন স্থানীয় যুবদল নেতা নাসির উদ্দিন বিপ্লব এবং তাঁর বিরোধী পক্ষের নেতা নুরুল আমিন আজাদের অনুসারী যুবদলকর্মী ঘোষণা। তবে দুই পক্ষের মধ্যে বিরোধের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে হেঁয়াকো বাজারের কাছাকাছি এলাকায় দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের একজন করে ছুরিকাঘাতে আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে রামগড় ও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় ঘোষণা কবিরকে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে সংঘর্ষের পর এক পক্ষের লোকজন ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। এ সময় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবরোধ তুলে নেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, রাত ১০টার দিকে সংঘর্ষের খবর পেয়ে দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উভয় পক্ষকে বুঝিয়ে শান্ত করা হয় এবং যান চলাচল স্বাভাবিক করা হয়।

ওসি আরও জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।