ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নকে ভেঙে বরিশল নামে নতুন আরও একটি ইউনিয়ন গঠনের প্রতিবাদে রেল ও সড়কপথ অবরোধ করেছেন বিক্ষুব্ধরা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পাশাপাশি বিক্ষুব্ধরা সুলতানপুর-আগরতলা সড়ক অবরোধ করেছেন।

রোববার (৮ নভেম্বর) সকাল ৭টা থেকে কোড্ডা এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি পালন শুরু করেন আন্দোলনকারীরা। খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ৬টি গ্রাম নিয়ে সম্প্রতি বরিশল ইউনিয়ন গঠন করা হয়। নতুন এই ইউনিয়নটি যুক্ত করা হয় আখাউড়া উপজেলার সঙ্গে। বিষয়টি মেনে নিতে পারেননি বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা। এ নিয়ে বেশ কয়েকবার আন্দোলন করেও কোনো সুফল পাননি তারা। ফলে সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন অখণ্ড ও পুনর্বহাল রাখার দাবিতে এবং সদর উপজেলাকে বিভক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

কর্মসূচি অনুযায়ী রোববার (৮ নভেম্বর) সকাল ৭টা থেকে কোড্ডা কেবিন সংলগ্ন এলাকায় রেলপথ ও সড়কপথে এ অবরোধ কর্মসূচি শুরু করেন বিক্ষুব্ধরা। এতে অংশগ্রহণ করেন হাজারো মানুষ। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার অশোক কুমার বিশ্বাস জানান, রেলপথ অবরোধ করায় উভয় পাশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তাই আটকা পড়েছে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস। এছাড়াও সকালে সিলেটগামী পারাবত এক্সপ্রেস, চট্টগ্রামগামী সোনার বাংলা ও কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস যাত্রায় বিঘ্ন ঘটবে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, বিক্ষোভকারীদের সড়ক ও রেলপথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।