সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের অন্যতম নায়ক রোনান সুলিভানকে প্রথমবারের মতো জাতীয় দলের সিনিয়র স্কোয়াডে ডেকেছিলেন কোচ থমাস ডুলি। কিন্তু অভিষেকের অপেক্ষা শেষ হওয়ার আগেই চোটের কারণে ছিটকে গেলেন এই তরুণ ফুটবলার। ফলে আসন্ন সাফ টুর্নামেন্টে তাকে পাচ্ছে না বাংলাদেশ। এতে দলের আক্রমণভাগ সাজানো নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে কোচকে।

গতকাল যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল রোনানের। কলেজের কোচের কাছ থেকে ছুটি পাওয়ার পর ৩ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকার বিষয়টি ফেডারেশনকে নিশ্চিত করেছিলেন তিনি। সে হিসেবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১ নভেম্বর রাতে তার বিমানের টিকিটও কেটেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু ইনজুরির কারণে শেষ পর্যন্ত সেই টিকিট বাতিল করতে হয়েছে।

প্রাথমিক পরিকল্পনায় নভেম্বরের শুরুতে রোনানের বাংলাদেশে আসার কথা ছিল না। তবে কলেজের কোচের কাছ থেকে ছুটি পাওয়ায় জাতীয় দলের হয়ে খেলার সুযোগ তৈরি হয়েছিল। সাফের জন্য ২৮ সদস্যের প্রাথমিক তালিকায়ও তার নাম রেখেছিলেন ডুলি।

এদিকে জাতীয় দলের ক্যাম্পেও পুরোপুরি স্বস্তিতে নেই কোচিং স্টাফ। বিশ্বনাথ এখনো শতভাগ ফিট নন। জ্বর থেকে সেরে উঠেছেন মোরসালিন। গতকাল বিরতির পর আজ সকালে আবারও অনুশীলনে ফিরেছে দল। তবে এখনো খেলোয়াড়দের দুই দলে ভাগ করে পূর্ণাঙ্গ ম্যাচ অনুশীলন করাতে পারেননি ডুলি।

আগামী ৫ নভেম্বরের ম্যাচের আগে হামজা ও ফারহান আলী ওয়াহিদকে পাচ্ছে না বাংলাদেশ। এ ছাড়া দলে ডাক পাওয়া ইতালিপ্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম এখনো ক্যাম্পে যোগ দেননি। আগামীকাল তার অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে।