সন্দেহজনক ভেজাল মদ পান করে ভারতের মণিপুরের চান্দেল জেলায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০ জনের বেশি। গত ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তথ্যে আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। পরে জেলা পুলিশ জানায়, নিহতদের পান করা মদ কাকচিং জেলার সুংনু থেকে সংগ্রহ করা হয়েছিল। চান্দেল জেলায় ওই মদ তৈরি বা প্রস্তুত করা হয়নি। নিহতদের মধ্যে পাঁচজন সুংনু থানার অধিক্ষেত্রের বাসিন্দা।

এ ঘটনায় জনস্বাস্থ্য সতর্কতা জারি করেছে চান্দেল জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয়ভাবে তৈরি কিংবা সন্দেহজনক উৎসের মদ পান থেকে বিরত থাকতে বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে। মদপানের পর বমি, পেটব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার ইম্ফলের দুটি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দেখতে যান মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্তের নির্দেশ দেন। দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

পরিস্থিতি মোকাবিলায় বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধসহ একটি মেডিকেল দল চান্দেলে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। জেলা প্রশাসন জানিয়েছে, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।