সরকার মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকলেও আত্মরক্ষার প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ নেবে। এমন নির্দেশই তাদের দেওয়া হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলের উদ্বেগের পরিপেক্ষিতে আজ বুধবার সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি সরকারের কঠোর অবস্থান প্রকাশ করেন।
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতারা উদ্বেগ জানানোর পাশাপাশি ব্যর্থতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও চাইছেন। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর আওয়ামী লীগের তৎপরতা বেড়ে যাওয়া এবং ধারাবাহিক হাতবোমা বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় উদ্বেগ জানিয়ে তা নিয়ে সংসদে সরকারের সমালোচনা করেন বিরোধী দলের নেতারা।
তার জবাবে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সরকার মানবাধিকার ও আইনের শাসন অনুসরণ করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। অতীতের মতো পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হবে না বলে আশ্বস্ত করে তিনি বলেন, আমরা কখনো আইনশৃঙ্খলা বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে চাইনি, করবও না।
একই সঙ্গে যেকোনো ষড়যন্ত্র কঠোরভাবে দমনের ঘোষণা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তবে প্রয়োজনে, আই রিপিট, সরকার পরিস্থিতি অনুযায়ী আইনানুগ কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, আন্দোলনকারীদের দ্বারা কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনী আক্রান্ত হলেও কোথাও তারা মানবাধিকার লঙ্ঘিত হবে, এমন কোনো কার্যক্রমে জড়িত হয়নি।
এ সুযোগই আন্দোলনকারীরা নিচ্ছে, এমন পর্যবেক্ষণ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মানবাধিকারের ওপর শ্রদ্ধাশীলতার সুযোগ তারা নিচ্ছে।আমরা মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি থেকে সরে আসব না। তবে আমরা মানবাধিকারের সীমারেখার মধ্য থেকেই অস্থিরতা ও নাশকতার সৃষ্টিকারীদের সব চক্রান্ত নস্যাৎ করে দেব।
ভারত থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার কীভাবে সীমান্ত পেরিয়ে দেশে এসে সভা করে আবার চলে গেলেন, তা বিজিবি খতিয়ে দেখছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই ঘটনায় কারা কারা জড়িত ছিল, তাদের ধরতে পুলিশ সিলেট-সুনামগঞ্জে অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চলমান নাশকতার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন বলেন, অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের পুরেনো রাজনৈতিক অপসংস্কৃতি। এ প্রসঙ্গে ২০০৪ সালে আওয়ামী লীগের ডাকা হরতালের সময় ঢাকার শাহবাগে দোতলা বাসে আগুন দিয়ে ১১ জনকে পুড়িয়ে মারার কথা বলেন তিনি।
গণঅভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর কখনো ফিরে আসতে পারবে না, একথা বলার পাশাপাশি এই দলটিকে নিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের অবস্থানের সমালোচনাও করেন সালাহউদ্দিন। তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পরই ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর বিরোধীদলীয় নেতা একটি অনুষ্ঠানে বলেছিলেন, রাজনৈতিকভাবে তাদের ওপর যারা জুলুম করেছে, তাদের তিনি ক্ষমা করে দিয়েছেন।
তিনি একতরফা ক্ষমা করেছিলেন, তা যৌক্তিক নয় বলে দেশবাসী মনে করে, গ্রহণযোগ্য নয় বলে আমরাও মনে করি। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানান, বিগত আওয়ামী লীগ আমলে বিচারবহির্ভূত সব হত্যাকাণ্ডের বিচারের অঙ্গীকারের অংশ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম এখন থেকে জেলায় জেলায় তদন্ত শুরু করবে।