সরকার বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ আগামী বছর থেকে শুরু করবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

তিনি বলেছেন, এ পর্যায়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিজস্ব নির্ধারিত জমিতে বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। এ জন্য স্বচ্ছতা ও দুর্নীতিমুক্তভাবে সঠিক জমিতে বাড়ি নির্মাণ নিশ্চিত করতে নিজস্ব জমি রয়েছে— এমন প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।

আজ বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মো. কামরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। আহমেদ আযম খান বলেছেন, আবাসন প্রকল্পের প্রথম পর্যায় বাস্তবায়নে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠায় সরকার এরই মধ্যে এ পর্যায়ের কার্যক্রম স্থগিত করেছে। এখন দ্বিতীয় পর্যায়ের জন্য তালিকা প্রস্তুত করা হচ্ছে। আগামী বছর থেকে এ পর্যায়ের বাস্তবায়ন শুরু হবে।

আগের প্রকল্পের সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, জমির মালিকানা সংক্রান্ত জটিলতার কারণে অনেক যোগ্য মুক্তিযোদ্ধা আবাসন সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। এ সমস্যা সমাধানে নিজস্ব নির্ধারিত জমি রয়েছে এমন প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করে তালিকা প্রস্তুত করা হচ্ছে। এর মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে আবাসন সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে।