ঠিকাদারের কাছ থেকে উপহার গ্রহণ নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ বুধবার সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী এবং প্রকৌশলীদের নিয়ে একটি কর্মশালায় বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে তিনি জানান, তার বক্তব্যের সঙ্গে সরকারের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা নেই। একই সঙ্গে তার বক্তব্যকে ঘুষের বৈধতা দেওয়ার প্রচেষ্টা হিসেবে উপস্থাপন করাকে রাজনৈতিক অপপ্রচার বলে উল্লেখ করেন। 
এদিন সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এর আগে গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, একজন প্রকৌশলীর ঘুষ নেওয়ার প্রয়োজন নেই। তবে কোনো ঠিকাদার স্বতঃস্ফূর্তভাবে খুশি হয়ে উপহার দিলে তা গ্রহণে বাধা নেই।

তার এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতি সংস্থাটি বলেছে, উপহারের মোড়কে ঘুষ লেনদেনের মতো অপরাধকে বৈধতা দেওয়ার পাঁয়তারা করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। টিআইবির এই বিবৃতিকে অসত্য ও বিভ্রান্তিকর বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।