কক্সবাজারের টেকনাফে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. তিতাস শেখ (২৮)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে অভিযান পরিচালনাকালে গুলিবিদ্ধ হন তিনি। পরে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত তিতাস শেখ ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বাসিন্দা। তাঁর বাবার নাম আফজাল হোসেন। তিনি সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন। ২৮ বছর বয়সী তিতাস বিবাহিত ছিলেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে টেকনাফে অভিযান পরিচালনাকালে পাহাড়ি সন্ত্রাসীদের ছোড়া গুলি তাঁর বুকের বাম পাশের ওপরের অংশে লাগে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য একটি বেসামরিক অ্যাম্বুলেন্সে তাঁকে রামু সিএমএইচে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

নিহত তিতাস শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর মামা ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

দেশের দায়িত্ব পালনকালে ২৮ বছর বয়সী এই সেনাসদস্যের অকাল মৃত্যুতে শোকাহত তাঁর পরিবার ও এলাকাবাসী।