সাবেক সংসদ সদস্য (যশোর-৬ আসন) আজিজুল ইসলামকে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে সাবেক এই এমপিকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য জানিয়েছেন ডিবির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জিয়াউদ্দিন আহম্মেদ।

তিনি বলেন, আজিজুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। আজিজুলের বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজিজুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে নির্বাচনে অংশ নেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

কেশবপুরের প্রয়াত সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের স্নেহভাজন হিসেবে পরিচিত ছিলেন আজিজুল ইসলাম। তিনি একসময় বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের কেশবপুর উপজেলার যুগ্ম-আহ্বায়ক ছিলেন। পরে তিনি নির্বাচিত হয়েছিলেন জেলা পরিষদের সদস্যও।