নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজার পর আমেরিকা প্রবাসী রাসেল হোসাইনের মালিকানাধীন ‘রাশ মেগা মলে’ ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারে অবস্থিত শপিংমলটিতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫ কোটি টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেছেন শপিংমলটির স্বত্বাধিকারী।

স্থানীয় সূত্রে জানা যায়, গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামকে গত ১৪ অক্টোবর দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে। পরে ঢাকার পিজি হাসপাতালে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার রাত ৯টার দিকে গুরুদাসপুরের জোহা কলেজ মাঠে শাকিলের জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয়দের দাবি, জানাজা শেষে শতাধিক লোক চাঁচকৈড় বাজারে অবস্থিত রাশ মেগা মলে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

শপিংমলটির স্বত্বাধিকারী আমেরিকা প্রবাসী রাসেল হোসাইন অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি চালুর পর থেকেই একটি মহল বিভিন্ন ভাবে এটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করে আসছিল। শাকিলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ওই মহল আবারও সেই সুযোগ নিয়েছে বলে দাবি তাঁর। এ ঘটনায় তাঁর প্রায় ৫ কোটি টাকার মালামাল লুট হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে, স্থানীয় কয়েকজনের অভিযোগ, সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর সঙ্গে শপিংমল মালিকের ঘনিষ্ঠতার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।

ঘটনার পর শপিংমল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।